

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৫ জন জেলে উদ্ধার হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের তোড়ে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া আহত জেলে বাইজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলে বাইজিদ (৩০) জানান, পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারে মোট ১১ জন জেলে শনিবার রাতে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। রোববার রাত ৯টার দিকে তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। পরে তারা ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া ধরে প্রায় ৬ ঘণ্টা সাগরে ভেসে থাকেন। রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া পাঁচজন হলেন— ইমাদুল সিকদার (৪০), বাইজিদ (৩০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)। এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফোরকান (৪৫), সায়েদ (২০), আলামিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কলাপাড়া কোস্ট গার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।