

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার মূলহোতা এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে ‘মুন্সিয়া চোরা’কে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী গোপনে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার আকস্মিক বিএনপি প্রীতিতে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতাকর্মী দাবি করছেন, ঊর্ধ্বতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে দলে জায়গা দিচ্ছেন, যা দলকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত করবে।
চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন: কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনী প্রচারণায় এনেছে আমি জানি না।
তবে তার মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুন্সির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের থেকেও এ ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি।
উল্লেখ্য, আবুল খায়ের মুন্সি সুবর্ণচরের সেই আলোচিত মা-মেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘ সময় কারাবরণ করেছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন
