মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দপ্তরে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে নাচোলে সরকারি দপ্তরে তালা দিয়েছেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেয়ারও অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা।

তাদের অভিযোগ, যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয় ও পছন্দের ব্যক্তিদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এমনকি নিয়োগে আর্থিক লেনদেনেরও অভিযোগ করেন তারা।

একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা ও সমবায় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীকে অফিস থেকে বের করে দেয়া দেয়। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকেও তালা দেয়া হয়।

আন্দোলনকারীদের দাবি, বর্তমান নিয়োগের ফলাফল বাতিল করে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত ও তথ্য পুনরায় যাচাই-বাছাই করতে হবে। প্রকৃত যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নাচোল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভায় অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় পুরো ফলাফলই প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বর্তমান ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান তারা। তা নাহলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নাচোল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলী জানান, কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দেয়া হয়েছে।

তবে নিয়োগে আর্থিক লেনদেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা কিংবা স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন