

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে হত্যা মামলাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সি (৪২)কে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আবদুল আলীম (৩৭) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সি নিজ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে সায়দাবাদ ফেরিঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে পুলিশ।
এসআই মো. শাহজাহান জানান, হামলার সময় কনস্টেবল আবদুল আলীম ইটের আঘাতে আহত হন। এ সুযোগে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে সেলিম মুন্সিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, আহত কনস্টেবলের বাঁ কাঁধে ইটের আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। সেই ভিড়ের মধ্যেই আসামি পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে সায়দাবাদ এলাকায় আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
