

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এদিকে একই দিন বিকালে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউএনও আরাফাত সিদ্দিকী। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের উদ্যোগে তার মালিকানাধীন একটি হাসপাতালে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের ইউএনও আরাফাত সিদ্দিকী বলেছেন, ‘ঘটনাটি ঠিক হয়নি। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি।’
পরে এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনওকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানকেও ফোনে পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের দেওয়া ভিডিও বক্তব্যের সূত্রে ইউএনওর দুঃখ প্রকাশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত বুধবার ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধর করেন ইউএনও আরাফাত সিদ্দিকী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়। এর পরদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার বিষয়টি জানা গেল।


