বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা নয়, একাদশে ভর্তি হবে নতুন নিয়মে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আবেদন, ফল প্রকাশ, ভর্তি নিশ্চায়ন ও ক্লাস শুরুর পূর্ণাঙ্গ সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে, যা চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

ভর্তি ফি কত?

প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণির সেশন চার্জ ও ভর্তি ফি সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবারও একাদশ শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষা হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে শুধু এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে।

পুনর্নিরীক্ষণের শিক্ষার্থীদের সুযোগ

নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যাদের ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

ফল ও ভর্তি নিশ্চায়নের সময়সূচি

১৭ সেপ্টেম্বর রাত ৮টা: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১৯ সেপ্টেম্বর রাত ৮টা: ভর্তি নিশ্চায়নের শেষ সময় ২০-২২ সেপ্টেম্বর: ভর্তি কার্যক্রম ২৩ সেপ্টেম্বর: ক্লাস শুরু

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

৭ শতাংশ কোটায় ভর্তি

নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন