

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় ঈদকে কেন্দ্র করে সড়কপথে যানজট নিরসন, যাত্রীসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, সড়কপথে নিরাপত্তা জোরদার ও সমন্বিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং উপজেলা পর্যায়ে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা হবে। ঈদযাত্রার সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
এছাড়া সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনিয়ম প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন যাতে ঈদের সময় সড়কে চলাচল করতে না পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্কশপগুলোতে অভিযান পরিচালনা করা হবে। যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবক বাহিনীও নিয়োজিত করা হবে।
পাশাপাশি মাওয়া টোল প্লাজাসহ সংশ্লিষ্ট টোল প্লাজাগুলোতে নজরদারি বাড়ানো এবং সড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বাসস্ট্যান্ড ও গণপরিবহনে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য জেলার হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন