

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিল করে নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে আগামীকাল ১১ মার্চ বুধবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের সার ডিলারগণ মানববন্ধন করবেন।
এ মানববন্ধনের ডাক দিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার্স এসোসিয়েশন (বিএফএ) কেন্দ্রীয় কমিটি। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ালিউর রহমান এবং নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন জানান, বিগত কেয়ারটেকার সরকার সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামত না নিয়ে কোনো একটি মহলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তড়িঘড়ি করে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা ২০০৯ বাতিল করে নীতিমালা ২০২৫ প্রণয়ন করে। যেটা বাস্তবায়ন করা হলে দেশের কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও অনিয়ম দেখা দেবে। ফলে নতুন রাজনৈতিক সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে, যা কারোই কাম্য নয়।
তারা নীতিমালা ২০২৫-কে জনস্বার্থবিরোধী নীতিমালা বলে আখ্যা দিয়ে বলেন, আমরা বিএনপি সরকার গঠনের পর থেকেই এ জনস্বার্থবিরোধী নীতিমালা আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান নীতিমালা ২০০৯ বহাল রেখে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে জনস্বার্থে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন-এর বরাবর লিখিতভাবে জোর দাবি জানানো হয়। এছাড়া আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বেশ কয়েকটি মিটিংয়ের মাধ্যমে তাকে সার্বিক বিষয়ে বাস্তবতা সম্পর্কে জানানো হয়।
এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়ও খবর প্রকাশিত হয়, যা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু এ বিষয়ে মন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিএফএ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিলে মন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা করার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিএফএর নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিটি স্থগিত ঘোষণা করেন।
কিন্তু গত ৮ মার্চ রবিবার মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দীর্ঘ সময়ব্যাপী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা সম্পর্কে সভায় কী আলোচনা হয়েছে মর্মে কৃষিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, নীতিমালা সম্পর্কে কিছুই আলোচনা হয়নি, এ বিষয়ে কোনো এজেন্ডাও ছিল না।
কৃষিমন্ত্রীর এমন দায়িত্বহীন জবাবে উপস্থিত বিএফএ-এর নেতৃবৃন্দ চরমভাবে হতাশ হন। তারই প্রেক্ষিতে সারা দেশের সার ডিলারদের সংগঠন বিএফএ প্রতিটি জেলা ইউনিটের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারের কাছ থেকে সারা বাংলাদেশের ৪৮ হাজার সার ডিলারের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকালের মানববন্ধন কর্মসূচির আহ্বান জানান।
এ মানববন্ধন বাস্তবায়নের লক্ষ্যে ৪৮ হাজার সার ডিলার ঢাকার প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা যায়।
বিএফএ নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান নীতিমালা ২০০৯-এর মাধ্যমে দেশে সার সরবরাহ ও ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া হচ্ছে। সার বিতরণে কোনো অনিয়মের অভিযোগ নেই। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে সার সংকটের পর প্রণীত নীতিমালা ২০০৯ কৃষকের দোরগোড়ায় সহজে সার বিতরণে যথেষ্ট।
তাই এটি বহাল রেখে নীতিমালা ২০২৫ জনস্বার্থবিরোধী নীতিমালা হিসেবে অচিরেই স্থগিত ঘোষণার আহ্বান জানান তারা। প্রয়োজনে সকল অংশীদারদের মতামত নিয়ে বিদ্যমান নীতিমালা ২০০৯ আংশিক সংশোধন করে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান বিএফএ নেতৃবৃন্দ।
তারা আরও জানান, নীতিমালা ২০২৫ বাস্তবায়ন হলে ৪৬ হাজার খুচরা ডিলার তাদের বাজারে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ রেখেই বেকার হয়ে যাবেন। যার ফলে এই সেক্টরে একটি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা কারোই কাম্য নয়।
এ বিষয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া ও জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের নীতিনির্ধারকদের সদয় দৃষ্টি কামনা করেন বিএফএ-এর নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
