বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পেতে মরিয়া তিন নারী নেত্রী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
বিএনপির তিন নারী মনোনয়ন প্রার্থী
expand
বিএনপির তিন নারী মনোনয়ন প্রার্থী

মাদারীপুর ১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে মরিয়া তিন নারী নেত্রী। জনগণের সরাসরি ভোটে এমপি হতে মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা। এই তিনজনই নিজ নিজ আসনে সভা-সেমিনার, উঠোন বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিএনপির এই তিন নারী নেত্রী হলেন- মাদারীপুর-১ আসনের নাভীলা চৌধুরী এবং নাদিরা মিঠু চৌধুরী। অপরদিকে মাদারীপুর-২ আসনে হেলেন জেরীন খান।

জানা গেছে, মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পরই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড।

এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ফের মাঠে নামেন। তাদের মধ্যে দুইজন নারী নেত্রী রয়েছেন। তারা হলেন নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

আরেক মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাভীলা চৌধুরী। তারা দুজনেই মনোনয়ন পেতে সভা, সেমিনার, উঠান বৈঠক, মোটরসাইকেল শোডাউনসহ নানা কর্মসূচি করে আসছেন।

মনোনয়নপ্রত্যাশী নাভীলা চৌধুরী বলেন, 'মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হতে পারলে জনগণের শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাবো। শিবচর উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে উন্নয়ন করা হবে।'

আরেক মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু বলেন, 'আমি দীর্ঘদিন ধরেই জনগণকে নিয়ে মাঠে কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হতে পারবো বলে আশা করছি। তাছাড়া এই উপজেলার উন্নয়নের জন্য আমি সব ধরনের কাজ করবো। পাশাপাশি সাধারণ জনগণের পাশে থেকে আমি সারাজীবন কাজ করে যেতে চাই।'

এদিকে মাদারীপুর-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় একাধিক প্রার্থী মাঠে আছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন একজন। তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান। এছাড়াও তিনি ইডেন কলেজের সাবেক ভিপি, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি ছিলেন। এই নারী নেত্রী মনোনয়ন পেতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

হেলেন জেরিন খান বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চাঁদাবাজমুক্ত হবে মাদারীপুর-২ আসন। এই জেলাকে মডেল জেলা হিসেবে বাস্তবায়ন করতে আমি সব ধরনের পদক্ষেপ নেব।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট দিতে পারেনি। বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলেন।

ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎযোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব। মাদারীপুর-২ আসনে দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নিয়ে জনগণের পাশে থাকতে চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X