বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের বিপক্ষে ভোট চাওয়া নিয়ে মুখ খুললেন বাবা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
আজিজুর রহমান বাচ্চু মোল্লা
expand

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব আলম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকা মাহবুব আলমের বিপরীতে একই আসনে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইছেন। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এ সময়ের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে আমি ইউনিয়ন বিএনপির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আদর্শিক অবস্থান থেকেই আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি।”

ছেলের বিপক্ষে ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে এটি আমার অধিকার। ছেলে হিসেবে তার জন্য আমার দোয়া সব সময় রয়েছে। আল্লাহ যেন তাকে কামিয়াবি দান করেন।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাহবুব আলম বলেন, “আমার জন্মের আগ থেকেই আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এটি তার ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার। আমি গর্বিত—আমার বাবা ক্ষমতার কাছে নিজের আদর্শ বিসর্জন দেননি।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের দিকে ইঙ্গিত করে মাহবুব আলম বলেন, “আমরা দেখেছি, অনেকে ক্ষমতার লোভে নিজের আদর্শ ও দল বিসর্জন দিয়েছেন। এমনকি ক্ষমতার জন্য নিজের দল বিলুপ্ত করতেও দ্বিধা করেননি। কেউ যদি ক্ষমতার লোভে রাজনীতি করেন, তবে নির্বাচিত হলে জনগণের স্বার্থ রক্ষা করবেন—এই নিশ্চয়তা দেওয়া কঠিন।”

বাবার কাছে ভোট চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, “শুধু বাবা নন, রামগঞ্জের প্রতিটি নাগরিকের কাছেই আমি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি মার্কায় ভোট চাই। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত বাবা আমার পক্ষেই ভোট দেবেন এবং আগামী দিনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank