বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একই স্কুলের ৯ম-১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহ

প্রশাসনের হস্তক্ষেপে ক্লাসে ফেরার নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
একই স্কুলের ৯ম-১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
expand

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। খবর পাওয়ার পরপরই জড়িত অভিভাবকদের ডেকে এনে আইনগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শিক্ষার্থীদের দ্রুত পড়াশোনায় ফিরিয়ে আনার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ জন ছাত্রীসহ অভিভাবককে হাজির করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহ নিরোধ আইনে এ নিষেধাজ্ঞা জারি করেন।একই সঙ্গে কিশোরীদের শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে অভিভাবকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ১৩ জন ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুততম সময়ে ১১ জনকে নোটিশ দেওয়া হয়। বাকি দুইজনের ক্ষেত্রে নোটিশ প্রক্রিয়াধীন রয়েছে। নোটিশের প্রেক্ষিতে হাজির হওয়া অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সতর্ক করা হয় এবং ছাত্রীদের সংসারে না পাঠিয়ে ক্লাসে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তথ্য জানার পরপরই আমরা অভিভাবকদের ডেকে বাল্যবিবাহ রোধে নিষেধাজ্ঞা দিয়েছি। ছাত্রীরা যেন বৈবাহিক সংসারে না গিয়ে অবিলম্বে বিদ্যালয়ে ফিরে আসে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও দায়িত্বশীলদের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে আরও সজাগ থাকতে বলা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank