শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাপের কামড়ে হাসপাতালে ১৩ জন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
expand
কুষ্টিয়ায় সাপের কামড়ে হাসপাতালে ১৩ জন 

বর্ষার মৌসুমে কুষ্টিয়া জেলাজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে সাপের উপদ্রব। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে সাপে কাটা অন্তত ১৩ জন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ ও তিনজন নারী। তাদের অধিকাংশই কৃষিকাজের সময় সাপের কামড়ে আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সাপে কাটা রোগীরা হাসপাতালে আসেন। কেউ মাঠে কাজ করার সময়, কেউ পাট ধোয়ার সময়, আবার কেউ বাড়ির পাশ বা নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে কুমারখালীর চাপড়া ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম পাট ধোয়ার সময়, সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের রহিবুল ইসলাম মাঠে কাজ করার সময় এবং দৌলতপুরের জুবায়ের মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আহত হন।

এছাড়াও ভেড়ামারা উপজেলার কলেজপাড়া এলাকার হারুন বিষধর রাসেলস ভাইপারের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান,ভর্তি হওয়া সব রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ও বিষধর প্রাণীর আক্রমণে আহত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে। সময়মতো চিকিৎসা শুরু হলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।

এদিকে বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ার বিষয়ে বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বর্ষাকাল সাপের প্রজনন ও বিচরণের মৌসুম। চারদিকে পানি জমে যাওয়ায় সাপ নিরাপদ ও শুকনো আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে। তাই বিশেষ করে কৃষকদের মাঠে কাজের সময় বুট, টর্চ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন