

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি।
বুধবার (০১ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল মজিদের মাধ্যমে তিনি এই নোটিশ প্রেরণ করেন। নোটিশ প্রদানকারী মো. হৃদয় হাসান কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়া এলাকার মো. শফি মোল্লার ছেলে।
নোটিশে বলা হয়, এমপি আমির হামজা বিভিন্ন জনসভায় প্রকাশ্যে দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার জন্য ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি 'দৈনিক যুগান্তর' এবং ২৮ ফেব্রুয়ারি 'দৈনিক প্রথম আলো' পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। গত ২৭ মার্চ মো. হৃদয় হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
নোটিশে আরও বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন এ ধরনের অপরাধীদের পরিচয় গোপন করা সমীচীন নয়। কারণ রাষ্ট্রীয় ও শরীয়াহ আইন অনুযায়ী ঘুসদাতা ও গ্রহীতা উভয়েই সমান অপরাধী। তাই যারা এ বিপুল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল, তাদের নাম প্রকাশ না করে এবং আইনের হাতে তুলে না দিয়ে তিনি মূলত অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল অপরাধ করছেন বলে নোটিশে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, তিনি কেবল নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতেই ঘুষ গ্রহণ না করার বিষয়টি প্রচার করেছেন।
নোটিশে স্পষ্টভাবে আল্টিমেটাম দিয়ে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়তা করে কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া অঙ্গীকার পালনে যথাযথ ভূমিকা রাখার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
মন্তব্য করুন