

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে, রাজনীতি করার আগে তার মানসিক সুস্থতা প্রয়োজন।’
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ বলেন, এনসিপির জ্যেষ্ঠ নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী কয়েক দিন আগে কিশোরগঞ্জে এসে তাদের দলের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে নাসীরুদ্দীন ধারাবাহিকভাবে ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন।
তিনি বলেন, ‘এসব বক্তব্য শুনে মাঝে মাঝে আমাদের প্রশ্ন জাগে, আসলে তিনি মানসিকভাবে সুস্থ কি না। আমরা মনে করি, রাজনীতি করার আগে তার মানসিক সুস্থতাই বেশি জরুরি।’
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, এ আন্দোলন শুধু ৩৬ দিনের ঘটনা নয়; আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনের ভিত্তি তৈরি হয় এবং গণঅধিকার পরিষদ সেই আন্দোলনের পাটাতন নির্মাণে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের দুই বছর পরও পতিত ফ্যাসিস্টের দোসররা নানা আস্ফালন করছে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই।’
জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও সহ- সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।