শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বকুলের

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বকুলের
expand
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বকুলের

দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চলমান সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের সাবেক প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর কবিরাজ বাড়ির উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের প্রতি ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি বিশেষ মহল এখনো পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। দেশবিরোধী কোনো শক্তি যেন এই মুহূর্তে ঐক্যে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বকুল তার বক্তব্যে বলেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও এ দেশের আপামর জনতা। তাই ব্যক্তিগত মান-অভিমান ভুলে গিয়ে দেশ ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন, ধানের শীষ তথা জনগণের বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।

খুলনা-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। আগামী দিনেও তারা ভোটের মাধ্যমে সকল অন্যায়ের জবাব দেবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের সময়কার নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা ব্যাখ্যা করতে হবে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মাঠের লড়াইয়ে সবাইকে সাহসী ভূমিকা রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসতি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খান, আলহাজ শেখ রিয়াজ শাহেদ, এজাজ নবি, পাপিয়া রহমান পারুল, মেরিনা সায়েদ, পারভেজ এবং শেখ ফজলে রাব্বি।

মতবিনিময় সভায় খালিশপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন