

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) যশোরের মনিহার চত্বরে বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, "জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের রায় বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো জরুরি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর-ই-আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর করা হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
সমাবেশ শেষে মনিহার চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে মিছিলটি নির্ধারিত স্থানে গিয়ে সমাপ্ত হয়।