

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
তিনি বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
সোমবার (৬ জুলাই) সকালে যশোর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্যবহারের জন্য দুটি ইনভার্টার এসি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে তার পক্ষ থেকে 'সিনট্যাক্স' ব্র্যান্ডের দুটি এসি প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ডা. মোসলেহ উদ্দিন ফরিদ জানান, দেশের ১৬৪টি থানার মধ্যে চৌগাছায় নবম ১০০ শয্যার হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। বর্তমান সরকারের আমলে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হয়ে উদ্বোধন করা হবে। অতীতে চৌগাছা হাসপাতাল উপজেলা পর্যায়ের একটি মডেল হাসপাতাল ছিল উল্লেখ করে তিনি বলেন, এখানকার চিকিৎসাসেবার সেই সুনাম ও গৌরব ফিরিয়ে আনতে কাজ চলছে। হাসপাতালের উন্নয়নে যেকোনো ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন, এপিএস মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।