

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের বাসিন্দা মোঃ হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি বলে অভিযোগ করেছে পরিবার।
বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে হারুনার রশিদকে দ্রুত উদ্ধারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারুনার রশিদের বড় ভাই, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শারীরিক প্রতিবন্ধী মোঃ এমরান আলী মাস্টার। তিনি জানান, গত ২০ জুন বিকেলে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হারুনার রশিদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ২১ জুন মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১১২৩) করা হয়।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে হারুনার রশিদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায় শনাক্ত করা হয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ব্যাপক অনুসন্ধান চালালেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের দাবি, তদন্তের অংশ হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর মামলার তদন্তে র্যাব-৬ যুক্ত হলেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
লিখিত বক্তব্যে এমরান আলী বলেন, হারুনার রশিদের পরিবারে স্ত্রী, এক বিবাহিত মেয়ে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা ও চার বছরের একটি ছেলে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার নিখোঁজ হওয়ার পর পরিবার মানবিক ও আর্থিক সংকটে পড়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দ্রুত হারুনার রশিদকে উদ্ধার, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।