সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে ডাকাত অভিযোগ দিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, স্ত্রীর সংবাদ সম্মেলন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৬:১১ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে স্বামীকে ডাকাত হিসেবে অভিযোগ তুলে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে প্রতিকার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ।

সোমবার (২৯ জুন) দুপুর ২টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জায়েদা বেগম। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জায়েদা বেগম বলেন, তার স্বামী আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে ১০ থেকে ১৫ বছর আগে কয়েকটি মামলা থাকলেও অধিকাংশ মামলার নিষ্পত্তি আদালতে হয়েছে। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করেন। এ কারণেই এলাকার একটি প্রভাবশালী মহল তাদের পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্নভাবে এলাকা থেকে উচ্ছেদের পরিকল্পনা করে।

তিনি অভিযোগ করেন, গত ৩১ মে মাসের রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে পরদিন রাত পর্যন্ত তাদের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বসু মিয়া, শানু মিয়া, আলমগীর মিয়া, আল আমীন, সুমন মিয়া ও হিফজুর মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে তাদের বাড়ি ঘেরাও করে। হামলাকারীরা দুটি বসতঘরের চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামীর দুই পরিবারের সদস্য এবং পাঁচ সন্তান ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রাণ বাঁচাতে সবাই ঘর থেকে বের হয়ে আসেন। পরে জাতীয় জরুরি সেবা **৯৯৯**-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে আগুনে দুটি বসতঘরের প্রায় সবকিছু পুড়ে যায়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অগ্নিকাণ্ডে প্রায় ৪১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। আগুনে দুই ভরি স্বর্ণালংকার, ২৫ ভরি রূপা, নগদ এক লাখ ২২ হাজার টাকা, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, আলমারি, ওয়ারড্রোব, কাপড়চোপড়, রান্নার সরঞ্জাম, দুটি গরু, হাঁস-মুরগি, ধান, মোবাইল ফোন, সোফাসেট, সিলিং ফ্যান এবং খরগোশের খামারের বহু খরগোশ পুড়ে যায়। এছাড়া সন্তানদের শিক্ষা সনদ, বই-পুস্তকসহ প্রয়োজনীয় কাগজপত্রও আগুনে ধ্বংস হয়ে যায়।

তিনি অভিযোগ করেন, অগ্নিসংযোগের পরদিন অভিযুক্তরা আবার এসে পুড়ে যাওয়া ঘরের টিন, গ্রিল, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী খুলে নিয়ে যায়। এ ঘটনার ছবি ও ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তিনি।

জায়েদা বেগম জানান, এ ঘটনায় তিনি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০০ (সংশোধিত ২০২৪)-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলার পর জানতে পারেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আড়াল থেকে পুরো ঘটনার ইন্ধনদাতা ছিলেন। যদিও এ বিষয়ে চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিনি বলেন, মামলা করার পরও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিদের ভয়ে তারা নিজ এলাকায় যেতে পারছেন না। এমনকি মামলার সাক্ষীদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup