সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
expand
চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ফরিদ আহমদ ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কপিলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কপিলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার হওয়ার পর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান ফরিদ আহমদ। পরে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল এতে আপত্তি জানান। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণের আয়োজন করা হয়। এ সময় চেয়ারম্যান ফরিদ আহমদ অনুষ্ঠানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ফরিদ আহমদ ও মিজানুর রহমান কপিলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইউনিয়ন পরিষদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে ফরিদ আহমদের সমর্থনে নোয়াগাঁও, কদুপুরসহ কয়েকটি গ্রামের লোকজন এবং কপিলের সমর্থনে হলদারপুর গ্রামের লোকজন অংশ নেন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরিস্থিতি অবনতির দিকে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কপিলও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ বলেন, “প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কপিলের সমর্থকরা আমাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণের জন্য আমার কাছে থাকা নগদ ৩ লাখ ৯৩ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া আমার সমর্থকদের ওপরও হামলা চালানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন