

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময় বড় ধাক্কা খেল ব্রাজিল। মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ডানপ্রান্তের ডিফেন্ডার ওয়েসলিকে। ম্যাচ চলাকালীন তার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য সেলেসাও সমর্থকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।
ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত মিশরের বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় চোটে পড়েন রোমা তারকা ওয়েসলি। একটি সাধারণ দৌড়ের সময় হঠাৎ করেই তিনি বাম কুঁচকিতে হাত দিয়ে মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মাঠে প্রবেশ করেন।
চোটের মাত্রা এতটাই গুরুতর মনে হয়েছে যে, ওয়েসলি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। বেঞ্চে ফেরার পর তোয়ালে দিয়ে মুখ ঢেকে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। পরে স্টেডিয়াম ছাড়েন ক্রাচে ভর করে এবং তার চোট পাওয়া স্থানে ভারী ব্যান্ডেজও দেখা যায়।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ওয়েসলির অবস্থা জানতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
আনচেলত্তি বলেন, ‘ওর কিছু পরীক্ষা করাতে হবে। পেশিতে সমস্যা হয়েছে এবং চূড়ান্ত রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি আশা করি বিশ্বকাপের আগেই সে সুস্থ হয়ে উঠবে। যদি না পারে, তাহলে আমাদের বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবতে হবে। বিষয়টি অবশ্যই উদ্বেগের।’
ইতালিয়ান এই কোচ আরও বলেন, ‘ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শক্তিশালী, পরিশ্রমী এবং সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে। ইতালিতে খেলার মাধ্যমে আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই নিজেকে আরও সমৃদ্ধ করেছে। আমি আশা করি চোটটি গুরুতর নয়।’
ব্রাজিল দলের মেডিকেল সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পেশির ইনজুরি বলে মনে করা হচ্ছে। তবে এমআরআই রিপোর্ট ছাড়া চোটের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদি ইনজুরি তুলনামূলক হালকা হয়, তাহলে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ মিস করেও পরে দলে ফিরতে পারেন ওয়েসলি। কিন্তু চোট গুরুতর হলে বিশ্বকাপ শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পরিচালক রদ্রিগো কাইতানোও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। পরীক্ষার ফল পাওয়ার পরই আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাব। বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি, তাই স্বাভাবিকভাবেই সবাই উদ্বিগ্ন।’
মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও ব্রাজিল শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ওয়েসলির চোট। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারকে হারানোর শঙ্কা আনচেলত্তির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। এখন সব চোখ সোমবারের মেডিকেল রিপোর্টের দিকে।
