

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে প্রায় ৯৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ, জিরা এবং কাঠ।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায়, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়।
সোমবার (৪ মে) ভোর আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পাথরের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় বস্তাবন্দি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির টহলদল হরিণখোলা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করে।
জব্দকৃত সকল পণ্য যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন