শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে থানা ঘেরাও ছাত্রদলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
জয়দেবপুর থানা ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা
expand
জয়দেবপুর থানা ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জুমার নামাজের পর রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, নাসির মোড়ল দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।

এর প্রতিবাদে একই দিন বিকেলে মাঠে নামে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং পরে শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে যান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও উপজেলা যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, থানা ঘেরাও করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিয়ে চলে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Ghana
Scheduled
04 Jul, 07:30 AM
VS
World Cup