

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও চোখ-মুখ বেঁধে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
গ্রেপ্তারকৃতরা হলেন ১. সাঈদ আল হাসান শাকিল (২৯) ২. মোঃ সবুজ ওরফে সাগর (৩০) ৩. মোঃ জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫), এবং ৪. মোঃ মোশারফ আলী (৩৫)। আসামীর জামালপুর ও পটুখালীর বাসিন্দা।
এর আগে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫) ও তার প্রতিবেশী ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের অপেক্ষা করছিলেন।
এ সময় একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয় এবং মারধর শুরু করা হয়। এরপর গাড়িটি মানিকগঞ্জের দিকে রওনা দেয়।
পুলিশ আরোও জানায়, অপহরণকারীরা পথিমধ্যে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মাধ্যমে সর্বমোট ২,৬২,২১০ (দুই লক্ষ বাষট্টি হাজার দুইশত দশ) টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জ থানার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ইটভাটার (স্টোন ব্রিকস লিমিটেড) সামনে চোখ-মুখ বাঁধা অবস্থাতেই তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ডাকাতরা চম্পট দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ বাদী হয়ে ধামরাই থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে এসআই এসএম কাওছার সুলতান ও এস আই জুলফিকার আলীসহ পুলিশের একটি চৌকশ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের সদর, গাছা ও বাসন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেফতারকৃতরা মহাসড়কের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে সর্বস্ব লুটে আসছিল। আসামিদের গ্রেপ্তার করে আদালয়ে প্রেরণ করা হয়েছে।