বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পানির নকল ওষুধ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
কারখানার মালিককে আটক করা হয়েছে।
expand
কারখানার মালিককে আটক করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে একটি আবাসিক ভবনে গড়ে ওঠা নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নামে তৈরি বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল ও প্রসাধনী জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার আঁটিবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি দুইতলা ভবনের নিচতলায় গড়ে ওঠা কারখানাটির সন্ধান পাওয়া যায়।

র‌্যাব সূত্র জানায়, সাঈদ হোসেন নামে এক ব্যক্তি ভবনের নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ট্রাক পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঈদ হোসেনকে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, আবাসিক ভবনের ভেতরে সবার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছিল। জব্দ করা পণ্যের মধ্যে শিশু ও নারীদের ব্যবহারের ওষুধও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে ভবনমালিক দাবি করেন, তিনি নকল ওষুধ তৈরির বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ভাড়া নেওয়ার সময় কারখানাটি সাবান তৈরির জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছিল।

এদিকে পাশের আরও একটি কারখানায় অভিযান চালিয়ে এক ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র‌্যাব। স্থানীয়রা নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন