বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে অতিরিক্ত যাত্রী রোধে কঠোর প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ 

মাসুম পারভেজ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
অতিরিক্ত যাত্রী ও অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান
expand
অতিরিক্ত যাত্রী ও অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

তবে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় বিভিন্ন পন্টুন ঘুরে দেখার পাশাপাশি একাধিক লঞ্চে উঠে যাত্রীসংখ্যা যাচাই করেন।

কোথাও অতিরিক্ত যাত্রী দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট লঞ্চকে ঘাটে না রেখে গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনায় কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী না নিয়েই টার্মিনাল ত্যাগ করে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ চলাচল করতে দেওয়া হবে না।

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি লঞ্চ চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রী ওঠানামায় নিয়ম মানা এবং অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার ওপর জোর দেন।

পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সার্বিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী। নদীপথের পরিস্থিতি পর্যবেক্ষণে স্পিডবোটের মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বুধবার সদরঘাটে সংঘটিত মর্মান্তিক নৌদুর্ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন