

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ ‘জনতার ইশতেহার: আধুনিক কেরানীগঞ্জ রূপকল্প ২০২৬–৩১’ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই রূপকল্প ও ৬ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে তিনি বলেন, কেরানীগঞ্জের সংস্কৃতি সংরক্ষণ, বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করে পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা হবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে এবং ভূমি অফিস সংস্কার করে দখলদারত্ব ও হয়রানি বন্ধ করা হবে।
তিনি জানান, বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে আধুনিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা হবে এবং জাজিরা ব্রিজের সঙ্গে কেরানীগঞ্জের যোগাযোগ আরও সহজ করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলাই এই রূপকল্পের মূল লক্ষ্য।
অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়িয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে। পানগাঁও ও জিনজিরাকে ঘিরে আধুনিক শিল্প এলাকা গড়ে তোলা হবে এবং ‘নকল জিনজিরা’ অপবাদ দূর করে বৈধ ও পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলা হবে।
শিক্ষা খাতে কেরানীগঞ্জে সরকারি হাইস্কুল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ঝুঁকিপূর্ণ স্কুল সংস্কার, কারিগরি ও আইটি প্রশিক্ষণ চালু করা হবে। স্বাস্থ্য খাতে আধুনিক হাসপাতাল, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ডে-কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং বেকার যুবকদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে।
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিশুদের জন্য খেলার মাঠ, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।
শেষে জামায়াত প্রার্থী বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা। আমরা চাই কেরানীগঞ্জ হোক একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরী।
মন্তব্য করুন
