

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরির নিশ্চিন্ত জীবন ত্যাগ করে রাজনীতি ও আন্দোলন–সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দেওয়া, একাধিকবার মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে আসা কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে একাত্তর-পরবর্তী সময়ে প্রথমবারের মতো কক্সবাজারবাসী পেল একজন পূর্ণমন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর কাছে সালাহউদ্দিন আহমদ শপথবাক্য পাঠ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
এর আগে সকালে তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় রাজনীতির সুপরিচিত মুখ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তিনি।
১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আহমদ চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখকে ৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে তিনি এর আগে ১৯৯৬ ও ২০০১ সালেও নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে কক্সবাজার জেলা থেকে প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কৃতিত্বও তার।
১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মৌলভী ছাঈদুল হক ও মাতা বেগম আয়েশা হকের সন্তান সালাহউদ্দিন শিক্ষাজীবনেও ছিলেন কৃতী।
শিক্ষাজীবনে মেধাবী সালাহউদ্দিনের সংগ্রাম সাফল্যে বর্ণাঢ্য পথচলায় ১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে সর্বোচ্চ সংখ্যক নম্বর পেয়ে এসএসসি এবং ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগ থেকে ভালো ফলাফল করে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
সালাহউদ্দিন আহমদ ১৯৮৫ সালের ৭ম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৫ ফেব্রুয়ারি তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বগুড়া জেলা প্রশাসনের তৎকালীন সিনিয়র সহকারী সচিব পদ থেকে বদলি হয়ে পরে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে প্রয়াত বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়া সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আত্মনিয়োগ করে আহবায়ক হিসেবে কক্সবাজার জেলা বিএনপির হাল ধরেন। এবং একই বছরে পরপর দুটি সংসদ নির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে কাউন্সিলে সরাসরি নির্বাচিত হয়ে পরপর দুইবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমদ ২০১০ সালে বিএনপি’র জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মনোনীত হয়েছিলেন।
তিনি ২০১৫ সালের ১০ মার্চ রাজনৈতিক অস্থিরতার সময় তিনি গুমের শিকার হন। দীর্ঘ ৬২ দিন পর ১১ মে মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। সেখানে অবস্থানকালে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। প্রায় এক দশক পর আওয়ামী লীগ সরকারের পতনের পরে আইনি লড়াই ও নির্বাসন শেষে ২০২৪ সালের ১১ আগস্ট নিজ মাতৃভূমিতে সালাহউদ্দিন আহমদ ঐতিহাসিক প্রত্যাবর্তন করেন।
গত ৯ ফেব্রুয়ারি চকরিয়ায় এক নির্বাচনি সভায় তিনি বলেন, আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন। আমার এই নতুন জীবন দেশের মানুষের সেবায় উৎসর্গ করতে চাই।
ব্যক্তিগত জীবনে সালাহউদ্দিন আহমদ চার সন্তানের জনক। তাঁর সহধর্মিণী হাসিনা আহমদও একসময় কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এর ছেলে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত বিপুর নেতৃত্বে চকরিয়ায় মিষ্টি বিতরন ও অঙ্গ সংগঠনের মধ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন