

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার লালমাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠেছে। এছাড়াও একই পরিবারে একাধিক সদস্য নিয়োগ দেওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি মো. শাহ নেওয়াজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। ওই প্রক্রিয়ায় সুপারভাইজার পদে ৮০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেন।
বেলঘর উত্তর ইউনিয়নের এক বিএনপি নেতা (পরিচয় প্রকাশ না করার শর্তে) বলেন, নির্বাচিতদের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ওয়ার্ড সভাপতির নাম রয়েছে। পাশাপাশি একই পরিবারের দুই ভাই-বোন-আয়েশা সিদ্দিকা সাবরিনা ও জুনায়েদ আহমেদ একসঙ্গে নির্বাচিত হওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
ভূলইন উত্তর ইউনিয়নের এক ছাত্রনেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করেন, তার ইউনিয়নে নির্বাচিতদের মধ্যে একজন ছাড়া প্রায় সবাই জামায়াত-সমর্থিত পরিবারের সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, নিয়োগে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। একই সঙ্গে তিনি উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘চূড়ান্ত তালিকায় কোনো ত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।’