

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশসহ ১৪ দেশের সমন্বয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। জোট গঠনের এক সপ্তাহের মাথায় এই নিয়োগ দেওয়া হলো।
মন্ত্রণালয় জানায়, নতুন কমান্ডার সদস্য দেশগুলোর যৌথ নৌ প্রতিরক্ষা কার্যক্রম তদারকির পাশাপাশি অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় করবেন এবং জোটের সনদ অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
গত ৩০ জুলাই সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় রয়েছে। কিছু দেশ ইতোমধ্যে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, আর কয়েকটি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট। জোটের লক্ষ্য ও নীতির সঙ্গে একমত যেকোনো দেশ এতে যোগ দিতে পারবে। আগামী ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য পরিকল্পনা বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই জোট গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।