বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে গ্রাউন্ডেড ঢাকামুখী বাংলাদেশ বিমানের ফ্লাইট, ৭ ঘণ্টা যাবৎ আটকা ২৬০ যাত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

যাত্রীদের বরাতে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (০৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইতালিতে অবতরণ করে।

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। কখন আবার যাত্রা শুরু হবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, ‘এখানে অনেক যাত্রী আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।’

তিনি বিমান কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।

শরিফুল বলেন, ‘বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে মানুষ ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।’

যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।

তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বশরা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সূত্র : টিবিএস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank