

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করতে রাজি না হওয়ায় সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকার বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকা নাইমা জাহান ও তাঁর বন্ধু আরিয়ান খানকে আটক করেছে পুলিশ। নিহত সিয়াম লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাইমা জাহানের সঙ্গে সিয়ামের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রোববার রাতে নাইমা সিয়ামের লক্ষীপুরের বাড়িতে আসেন। রাতে সিয়ামের ঘরের একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান অবস্থান করছিলেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা দাবি করেছেন, তাঁদের দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিয়ে নিয়ে বিরোধ চলছিল। আজ ভোরে সিয়াম তাঁকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা।
পরে সিয়ামের চিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামের লাশ উদ্ধার করে এবং ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা সিয়ামকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আটক নাইমা ও তাঁর বন্ধু আরিয়ানকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।