বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১৭৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবারের ঘটনার পর রাতভর ও বুধবার সকাল পর্যন্ত চালানো যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত নিষিদ্ধ তিন চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় কয়েকটি যান আটককে কেন্দ্র করে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এতে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা-পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নিমসার ও আশপাশের এলাকার বাসিন্দা এবং তিন চাকার বিভিন্ন যানবাহনের চালক বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো ঘটনাই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কে কথিত টোকেন-বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া এবং কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ময়নামতি হাইওয়ে থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন