

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে আজাদ (৩৮) নামের এক বাংলাদেশী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আহত আজাদের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন লোককে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)'র পক্ষ থেকে দ্বায়িত্বশীল কোন কর্মকর্তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির বিস্তারিত জানানো হবে বলে ব্যাটালিয়ন সুত্র জানায়।
সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন