

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত ৪ থেকে ৫ দিন আগের।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সকালে কলাবাগানের ভেতরে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তবে মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, চাঁদপুর পিবিআইয়ের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পিবিআই সদস্যরা মরদেহ উদ্ধারের স্থান, আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করে রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে রাজি হননি তদন্ত কর্মকর্তারা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ পোকামাকড় ও বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ওসি কামরুল হাসান বলেন, আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছি। মৃত নারীর পরিচয় শনাক্তে আশপাশের থানা ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে অবহিত করা হয়েছে। কোনো নিখোঁজ সংক্রান্ত তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।