বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে ঝুকিপূর্ণ বেইলি ব্রিজ, বড় দুর্ঘটনার আশঙ্কা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
নবীনগরে ঝুকিপূর্ণ বেইলি ব্রিজ
expand
নবীনগরে ঝুকিপূর্ণ বেইলি ব্রিজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে অবহেলায় অযত্নে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর বেশ কয়েকটি পাটাতন ভেঙে যাওয়ায় স্থানীয় জনসাধারণ ও যানবাহনের চালকদের চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ব্রীজের স্টিলের পাটাতন ভেঙ্গে নাজেহাল হওয়ার কারণে প্রায়ই যানবাহনের চাকা আটকে যায়। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং অনেক যাত্রী আহত হচ্ছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তৎপরতা এখনো দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিদিন যাতায়াতের জন্য এই সেতুটি ব্যবহার করেন। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে সেতুটির গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি স্কুল–কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করছেন।

স্থানীয় আলী আহমদ বলেন, দ্রুত সেতুটি মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সিএনজি চালক মো. মহিউদ্দিন বলেন, ‘আমি প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করি। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সবসময় দুর্ঘটনার ভয় থাকে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি খুবই বিপজ্জনক।’

শিক্ষার্থী ফেরদৌসি রহমান বলেন, ‘আমরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে যাই। কখন যে দুর্ঘটনা ঘটে, সেই ভয় সবসময় থাকে।’

দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে এটি পার হয়ে বিদ্যালয়ে আসছে। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি।’

এ বিষয়ে নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, ‘সেতুটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন