বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতলা শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা লাল শাপলার বিলে ভ্রমণে গিয়ে রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাতলা শাপলার বিলের মুড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদ উপজেলার ৫ নম্বর জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা-ঝালকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে নেছারাবাদ থেকে ৩০-৩৫ জনের একটি দল ট্রলারে করে উজিরপুরের সাতলা লাল শাপলার বিল ভ্রমণে আসে। তারা প্রথমে উপজেলার জনতার বাজার এলাকার পটিবাড়ি ঘাটে পৌঁছে সেখান থেকে কয়েকটি নৌকায় করে বিলের ভেতরে ঘুরতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিটি নৌকায় পাঁচ থেকে ছয়জন যাত্রী বহনের কথা থাকলেও তাতে ১২-১৩ জন পর্যন্ত ওঠানো হয়। একপর্যায়ে রাকিবুল নৌকার এক প্রান্ত থেকে বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা তুলতে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা এবং স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাকিবুলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় রেজাউল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, রাকিব একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, জলাশয়, বিল বা নদীকেন্দ্রিক পর্যটনস্থলে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে সাঁতার না জানা ব্যক্তিদের গভীর পানিতে নামা এবং নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা থেকে বিরত থাকতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন