

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার তদারকির সময় দুটি ওষুধের দোকানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির অনুমোদিত লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে দুই ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা কিংবা স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।

