মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাকপ্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।

নানা মোশারফ হাওলাদার জানান, তার মেয়ে আয়শা বেগম ঈদের পরদিন রবিবার সকালে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে আসেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে নিকটস্থ পার্শ্ববর্তী মাদারিপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন