বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমধুমে মুরগির খামারে ১০ ফুটের অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের একটি মুরগির খামার থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে পার্শ্ববর্তী গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।

বুধবার (১৩ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের খিজারী ঘোনা এলাকার ইমাম হোছনের মুরগির খামারে এ ঘটনা ঘটে। বিশাল আকৃতির সাপটি লোকালয়ে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খামার সূত্র জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় কর্মীরা খামারের ভেতরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মুরগির খাঁচার পাশে বড় আকৃতির একটি অজগর দেখতে পান তারা। প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে সাপটিকে কোনো ধরনের আঘাত না করে নিয়ন্ত্রণে আনেন।

খামারের মালিক ইমাম হোছন বলেন, প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিল। পরে বুঝতে পারি এটি অজগর সাপ। আমরা কেউ সাপটিকে আঘাত করিনি। স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে ধরে রাখি।

স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান বলেন, এত বড় সাপ এলাকায় আগে দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ দেখতে আসে। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিই সাপটিকে মেরে ফেলা হবে না, জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

রাতে স্থানীয় যুবকদের সহায়তায় অজগরটিকে পাশের ছিকনছড়ি এলাকার গহীন জঙ্গলে নিয়ে অবমুক্ত করা হয়। এতে এলাকায় স্বস্তি ফিরে আসে।

স্থানীয়দের মতে, বন উজাড় ও খাদ্যের সংকটের কারণে বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসছে। তবে সাপটিকে না মেরে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার ঘটনায় সচেতন মহলে প্রশংসা দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, বন্যপ্রাণী রক্ষা করা সবার দায়িত্ব। এলাকাবাসী যেভাবে সাপটিকে অক্ষত অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়েছে, এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন