বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
জোনাব বাহিনীর ৩ সদস্য আটক
expand
জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত চক্র ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১০ জুন) কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালানো হয়।

অভিযানে সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেনকে (৩৬) আটক করা হয়। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন