

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের ১০ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
চিকিৎসকদের মধ্যে আটজন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত। তাদের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা শাখা-২ থেকে বিভাগীয় মামলাটি করা হয়।
বেসরকারি ক্লিনিকে শেয়ার থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ এবং অফিস সময়ে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার অভিযোগে এ মামলা হয়।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী পত্রে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, জেলা হাসপাতালসংলগ্ন ম্যাক্স হসপিটালে সরকারি কর্মকর্তা হিসেবে অনুমতি ব্যতিত ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও শেয়ারহোল্ডার হওয়ার অভিযোগে ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফিজা নাসরিন, মেডিকেল অফিসার ডা. খায়রুন নেশা, মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. ইসমাইল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোসা. মুনিরা খাতুন।
এ ছাড়া শহরের সিটি ক্লিনিকে শেয়ার থাকার অভিযোগে জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামসুল আলম রাশেদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনুমতি ছাড়া সরকারি হাসপাতাল ত্যাগের অভিযোগে জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুমালি খাতুন ও মেডিকেল অফিসার দিলরুবা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহবুব আলম জানান, জেলা হাসপাতালের মোট আটজন চিকিৎসকের বিরুদ্ধে এই বিভাগীয় মামলা হয়েছে।
অফিস সময়ে হাসপাতালের চিকিৎসক ডা. সামসুল আলম রাশেদ বেসরকারি ক্লিনিকে দায়িত্ব পালননের বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তাকে হাতেনাতে ধরার পর বিভাগীয় মামলা হয়। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকারি দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।