শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআরে বড় পরিবর্তন আনলো ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:৪২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। বৃহস্পতিবার ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর হচ্ছে।

এখন থেকে প্রতিটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিএআর ও একজন সহকারী (ব্যাকআপ) ভিএআর কর্মকর্তা সরাসরি স্টেডিয়ামে দায়িত্ব পালন করবেন। এর আগে পুরো টুর্নামেন্টে ভিএআর পরিচালিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে।

ফিফা জানিয়েছে, প্রযুক্তিগত জটিলতা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি কমাতেই কোয়ার্টার ফাইনাল থেকে স্টেডিয়ামভিত্তিক এই ব্যবস্থা চালু করা হয়েছে।

ফ্রান্স–মরক্কো ম্যাচে উরুগুয়ের লিওদান গনসালেস ভিএআর এবং নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান বিকল্প ভিএআর হিসেবে বোস্টনের স্টেডিয়ামে দায়িত্ব পালন করবেন।

স্টেডিয়াম ও ডালাসের ভিএআর কন্ট্রোল সেন্টারের মধ্যে যোগাযোগে কোনো সমস্যা দেখা দিলে মাঠে অবস্থানরত এই কর্মকর্তারাই সরাসরি ভিএআর পরিচালনার দায়িত্ব নেবেন। পাশাপাশি মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের জন্য মনিটরে গিয়ে কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হলেও এই ব্যবস্থাই কার্যকর থাকবে।

কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআর পরিচালনায় এই পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য হবে বলে আশা করছে ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো ম্যাচ স্থগিত করা যায় না। তাই এমন পরিস্থিতিতে খেলা নির্বিঘ্নে চালিয়ে যেতে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফ্রান্স ও মরক্কোর ম্যাচে রেফারিং প্যানেলেও থাকছে আর্জেন্টিনার শক্তিশালী উপস্থিতি। প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেয়ো। তাকে সহায়তা করবেন সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে।

চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা, পঞ্চম কর্মকর্তা থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। আর ভিএআর-এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার এরনান মাস্ত্রানহেলো।

ফ্রান্স ও মরক্কো ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Morocco
83'
2 - 0
60' Kylian Mbappé
66' Ousmane Dembélé
World Cup