রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীর ঘাটে ট্রলারের সারি, হতাশায় জেলে পরিবার ‎

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
রাঙ্গাবালীর ঘাটে ট্রলারের সারি
expand
রাঙ্গাবালীর ঘাটে ট্রলারের সারি

‎বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায়, পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীর বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। উত্তাল সাগর, দমকা হাওয়া এবং থেমে থেমে বৃষ্টিপাতের কারণে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক জেলে মাছ ধরা বন্ধ রেখে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসছেন।

‎রোববার সকাল থেকে উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, মৌডুবি, রাঙ্গাবালী সদর, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া সংলগ্ন নদী ঘাটগুলোতে একের পর এক ট্রলার ভিড়তে দেখা যায়। বৈরী আবহাওয়ার কারণে নদ-নদীতেও ঢেউয়ের তীব্রতা বেড়েছে। পুরো আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, কয়েকদিন ধরেই সাগরের পরিস্থিতি স্বাভাবিক নয়। আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কায় তারা ঝুঁকি না নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরে আসছেন। অনেক ট্রলার গভীর সমুদ্র থেকে ফিরে এসে বিভিন্ন ঘাটে নোঙর করেছে। ফলে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের আয়-রোজগার নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‎ট্রলার মালিকরা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জেলে ও ট্রলারের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে কোনো ট্রলার সমুদ্রে পাঠানো হবে না বলেও তারা জানান।

‎এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলে, ট্রলার মালিক এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায়, সমুদ্রগামী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

‎উপকূলবাসীর আশা, আবহাওয়ার দ্রুত উন্নতি হলে আবারও স্বাভাবিক হবে মাছ ধরার কার্যক্রম। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup