রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি, যোগদান অনিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান কর্মস্থলে যোগদানের উদ্দেশে রওনা হয়েও বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়।

এদিকে এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকেই হয়তো পুনরায় সিলেটে ফিরিয়ে আনা হতে পারে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গত ২১ জুন এক আকস্মিক আদেশে সিলেটের তৎকালীন ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। হযরত শাহজালাল (রহ.) মাজারে দীর্ঘদিন ধরে চলে আসা দানবাক্সের হিসাব ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার সাহসী উদ্যোগ নিয়ে তিনি সিলেটের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমাদৃত হন। ফলে তার এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্ত সিলেটবাসী সহজে মেনে নিতে পারেননি।

এর প্রতিবাদে সিলেটে সপ্তাহব্যাপী নজিরবিহীন বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বিরল ঘটনা।

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তার সিলেটে এসে দায়িত্বভার গ্রহণের কথা ছিল। কিন্তু ঢাকা ছাড়ার ঠিক পূর্বমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের এক নির্দেশে তাকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়। প্রশাসনিক এই নাটকীয় মোড় এবং নতুন ডিসির যোগদানে অনিশ্চয়তার কারণে সিলেটে নতুন গুঞ্জন ডালপালা মেলছে।

সিলেটের অধিকাংশ নাগরিক ও সাধারণ মানুষের দাবি, জনবান্ধব ও সাহসী কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকেই যেন পুনরায় সিলেটের ডিসি হিসেবে পুনর্বহাল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের বড় একটি অংশ সারওয়ার আলমের ফেরার পক্ষে জোরালো জনমত তৈরি করছেন।

তবে প্রশাসনিক নিয়মে একবার প্রত্যাহারের পর একই কর্মস্থলে কাউকে এত দ্রুত ফিরিয়ে আনা সম্ভব কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা। আপাতত নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেটে কে আসছেন, কিংবা সারওয়ার আলমকে ঘিরেই কোনো নতুন সিদ্ধান্ত আসছে কি না , সেদিকেই তাকিয়ে আছেন সিলেটবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
51'
0 - 1
50' Azzedine Ounahi
World Cup