

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে পরিদর্শনে বের হন আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।