

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা।এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, আজ সকালে আব্দুর রহিম তাদের পৈতৃক ভিটার গাছপালা কেটে বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। খবর পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করলে
দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
গুরুতর আহত হয়ে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের নারী সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রহিম পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি, তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
