

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে কঙ্কালটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় করেন। প্রথমে এটি কীভাবে সেখানে এলো তা নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও পরে পুলিশ জানায়, এটি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহার্য একটি শিক্ষাসামগ্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে একটি ব্যাগের সঙ্গে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ধারণা করেন, অজ্ঞাত কোনো ব্যক্তি রাতের আঁধারে কঙ্কালটি সেখানে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এটি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অ্যানাটমি বা ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসে ব্যবহৃত একটি মানব কঙ্কাল।
তিনি বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল কোনো এক সময় একজন শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত কঙ্কালটি রেখে যান। পরে রিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে হাসপাতালের গেটের ভেতরে ব্যাগসহ সেটি রেখে চলে যান। ব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্র থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।"
পুলিশ জানায়, বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
হঠাৎ হাসপাতালের গেটে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল, পুলিশি ব্যাখ্যার পর তা কেটে যায়। তবে এমন শিক্ষাসামগ্রী বহন করার ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
