

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোর ছয়টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে পথচারী আবুল কালাম খালের পাশে গেলে পানিতে কিছু ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবুল কালাম বলেন, সকালে হাঁটতে বের হয়ে কবরস্থানের পাশের খালে মানুষের মরদেহ ভাসতে দেখি। পরে স্থানীয় লোকজনকে জানাই।
স্থানীয় বাসিন্দা রুহুল আমীন ও জসিম উদ্দিন বলেন, মরদেহটি বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। তাঁদের দাবি, এলাকায় এ ধরনের কোনো নিখোঁজ ব্যক্তির খবর তাঁদের জানা নেই।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।