

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সেনবাগের আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুন) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-৪ এর বিচারক নুরজাহান বেগম এ আদেশ দেন।
এর আগে রোববার (২৮ জুন) দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পাশাপাশি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত বলে জানা গেছে।
তবে পরিবারের দাবি, রাজনৈতিক মামলার আড়ালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার জেরেও তাকে হয়রানির শিকার হতে হয়েছে। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আবুল কালাম আজাদ ‘আজাদ মেম্বার’ নামে দেশজুড়ে পরিচিত। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার ব্যতিক্রমী ভালোবাসার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার আলোচনায় আসেন তিনি।
বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই নিজের বাড়ি, দোকানঘর, উঠান ও আশপাশের এলাকা আকাশি-সাদা রঙে সাজিয়ে তোলেন আজাদ মেম্বার। আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো তার বাড়ি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা ভিড় করেন। অনেকের কাছে এলাকাটি ‘বাংলাদেশের ছোট্ট আর্জেন্টিনা’ হিসেবেও পরিচিত।
আজাদ মেম্বারের স্ত্রী নাজমুন নাহার জানান, আমার স্বামী আর্জেন্টিনার ভক্ত হওয়ায় রাজনৈতিকভাবে ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ফাঁসানো হয়েছে। আমরা আদালতের কাছে ন্যায়বিচার চাই।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী আজিম মানিক জানান, নিম্ন আদালতে জামিন না হওয়ায় আমরা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করব। আমরা আশাবাদী, তিনি দ্রুত জামিন পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
